পাথরঘাটায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায়, যুবক আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জাফর ইকবাল (পাথরঘাটা):
বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় অভিযুক্ত রফিকুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা । পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রফিকুল ইসলাম সুমন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে।
স্থানীয়রা জানান, আটককৃত সুমন ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্তত ১ লাখ টাকা সংগ্রহ করেছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালাই। এখন আমি আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

বরগুনা জেলা দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ (বেলাল) বলেন, এ ধরনের কর্মকান্ড বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে। সুলভ মূল্যে পণ্য দেওয়ার নামে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিহওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম বলেন, আটককৃত ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ