সুমন ভট্টাচার্য:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি জানিয়েছেন, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে তাঁর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার সকালে ত্রিশাল নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ ঐতিহ্যগতভাবে শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ একটি অঞ্চল। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে বিকশিত করতে হলে সুস্থ ধারার চর্চা জোরদার করতে হবে। সংস্কৃতির নামে কোনো ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। বিশেষ করে যাত্রাপালার নামে কোথাও অশ্লীলতা হলে তা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও বলেন, সংস্কৃতি শুধু গান-বাজনায় সীমাবদ্ধ নয়; মানুষের আচরণ, কথা বলার ধরনসহ জীবনযাপনের প্রতিটি দিকই সংস্কৃতির অংশ। তাই আগামী প্রজন্মকে ছোটবেলা থেকেই এসব মূল্যবোধে গড়ে তুলতে স্কুল-কলেজে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংস্কৃতি অঙ্গনের স্থবিরতা দূর করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ময়মনসিংহকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে পাইলট প্রকল্পের মাধ্যমে এখান থেকেই সাংস্কৃতিক উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেন, প্রায় দুই দশক ধরে ময়মনসিংহবাসী জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবারের আয়োজন সেই বঞ্চনা কিছুটা হলেও ঘোচাবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, অনুষ্ঠানটি হবে আধুনিক, শালীন ও রুচিশীল। প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা থাকায় আয়োজনকে ‘এলিগ্যান্ট ও ক্লাসি’ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোনো অপচয় না করে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য এই জাতীয় আয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হবে এবং ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গৌরবজনক দৃষ্টান্ত স্থাপন করবে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ