ময়মনসিংহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে তারেক স্মৃতি অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রশিক্ষণে বক্তারা হজের বিভিন্ন নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং পবিত্র হজ পালনের সঠিক পদ্ধতি সম্পর্কে হজযাত্রীদের বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি হজযাত্রার সময় স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা বজায় রাখা এবং দলগতভাবে দায়িত্বশীল আচরণের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও শৃঙ্খলার এক মহান শিক্ষা। তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে পবিত্র হজের প্রতিটি ধাপ যথাযথভাবে পালন করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, হজ পালনের সময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং সৌদি আরবের আইন-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে তিনি হজযাত্রীদের সুস্থ ও নিরাপদভাবে হজ পালন শেষে দেশে ফিরে আসার জন্য দোয়া ও শুভকামনা জানান। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা অংশগ্রহণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ