বিরামপুরে পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ জনরোষে পড়ে দোকান রেখে বিক্রেতা পলাতক!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রোডের রেলগেট এলাকায় শুক্রবার (১০) এপ্রিল সকালে গরুর মাংস বিক্রি করছিল পৌরসভার ৮নং ওয়ার্ডের জোয়ালকামড়া গ্রামের আজিমুদ্দিন নামের এক মাংস বিক্রেতা। এসময় মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে ক্রেতা ও স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। অবস্থা বেগতিক দেখে মাংস ও দোকান রেখে কৌশলে সটকে পড়েন মাংস বিক্রেতা ও তার সহকারিরা। নিয়মানুযায়ী প্রত‍্যয়ন না দিয়ে মাংস বিক্রেতার কাছে গরু বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয় একই গ্রামের গরুর মালিক রেজাউল হককে। ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে ভ্রাম‍্যমান আদালতের নির্দেশে দুর্গন্ধযুক্ত মাংসগুলো জব্দ করে নিরাপদ স্থানে মাটিতে গর্ত করে পুতে ফেলা হয়েছে। তিনি আরো জানান, গরুর মাংস বিক্রেতা পলাতক থাকলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সহকারী কমিশনার (ভৃমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, শুধু মাংস নয়; যেকোন খাদ্যদ্রব‍্য ও পণ্য ক্রয়ে ভোক্তাদের সাথে যাতে কেউ প্রতারণা করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব‍্যহত রয়েছে। কেউ ভোক্তাদের সাথে প্রতারণা করলে তার বিরুদ্ধে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তবে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, বিরামপুর শহরের নবাবগঞ্জ রোডের রেলগেট এলাকায় মৃত গরু কিংবা জটিল রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। নইলে মাংসের দোকানের আশেপাশে এতটা দুর্গন্ধ ছড়াতো না। তাছাড়া বাজারের নির্ধারিত স্থানের বাইরে এসে মাংস বিক্রি করা হচ্ছিলো, যা সন্দেহজনক। এদিকে স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা প্রত‍্যয়ন না নিয়ে রাতের আধারে যত্রতত্র গরু জবাই করে দিনের বেলায় বিরামপুর পৌর শহরের বিভিন্ন স্থানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। প্রত‍্যয়ন নিয়ে নির্ধারিত স্থানে গরু জবাই করে বাজারে মাংস বিক্রির নিয়ম থাকলেও মাংস বিক্রেতারা এ নিয়ম মানছেন না। পৌরসভা কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকেও এবিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ভোক্তারা অভিযোগ করেছেন। নিয়মানুযায়ী যথাযথ কর্তৃপক্ষের প্রত‍্যায়ন নিয়ে নির্ধারিত স্থানে গরু জবাই করে বাজারের নির্ধারিত স্থানে মাংস বিক্রি করতে ব‍্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ