মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন শ্রমিকের পরিবাওে অনুদান প্রদান করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক অনুদান প্রদান করেন। মন্ত্রীর পক্ষে তাঁর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার মঙ্গলবার রাতে দুর্ঘটনায় নিহত ৭জনের বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারে ২৫ হাজার টাকা করে অনুদানের নগদ এই অর্থ প্রদান করেন। এসময় বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও পরবর্তীতে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে সরকারি অন্যান্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ