ঢামেকের সামনে ফুটপাতে নান্দনিক রূপ সংরক্ষণে সবার সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তানভীর খান ঃ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনের ফুটপাত দখলমুক্ত করে সেখানে ফিরিয়ে আনা হয়েছে নান্দনিক পরিবেশ। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ দূর করে এখন সেখানে শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ এবং দেয়ালজুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর বিশেষ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানী ঢাকা দেশের মুখমন্ডল একে পরিষ্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন ও গণমাধ্যমসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, ফুটপাতে যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়ে নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে হকারদের বসার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। বসানো হয়েছে ৫৫০টি ফুলের টব এবং ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। এছাড়া রোগীর স্বজনদের জন্য ৫০টি বসার আসন স্থাপন এবং পাহাড়ের আদলে দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়েছে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, এটি একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প। জনগণের ইতিবাচক মনোভাব ও সহযোগিতা পেলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও একই ধরনের সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ