গাইবান্ধায় দুদকের গণশুনানিকে কেন্দ্র করে প্রতারণা,ভূয়া সোর্স আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দুদকের ‘সোর্স’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে জাফরুল্লাহ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী ও অফিস স‚ত্রে জানা গেছে, আগামীকাল ১১ মে গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানিকে ঢাল হিসেবে ব্যবহার করে জেলায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তৎপর হয়ে উঠেছে। আজ সকালে অভিযুক্ত জাফরুল্লাহ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে গিয়ে নিজেকে দুদকের সোর্স হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নিয়ে যান এবং মুঠোফোনে কথিত এক দুদক কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন। ফোনের ওই ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তা দাবি করে অডিটর কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে ভয়ভীতি দেখান। বিষয়টি ‘রফাদফা’ করার জন্য তাকে জাফরুল্লাহর সঙ্গে আলোচনা করতে বলা হয়। জাফরুল্লাহর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অফিসের কর্মকর্তারা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক এলাকার (রংপুর ও দিনাজপুর) ঠিকানা দিলেও তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দেখা যায়, তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন, “বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক জেলা প্রশাসক, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের জানাই। ওই ব্যক্তি একেক সময় একেক পরিচয় দিচ্ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রংপুর দুদকের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জানান, আগামীকালের গণশুনানিকে লক্ষ্য করেই হয়তো কোনো চক্র অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ