কেরাণীগঞ্জ প্রতিবেদক:
কেরাণীগঞ্জে রাস্তার পাশে ময়লা (গৃহবর্জ্য)ফেলার দায়ে একজনকে দন্ড ও অপর একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় তার সঙ্গীয় হিসেবে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিন সার্কেল এর এসিল্যান্ড আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্য। জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তার পাশে ময়লা ফেলার সময় হাতেনাতে ধরে মো: রাসেল মিয়াকে এক দিনের কারাদন্ড ও রাস্তায় ফেলার নির্দেশের জন্যে ওয়ালিউর রহমান নামের অন্যএকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক জানান,ইতোমধ্যে কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ময়লা-বর্জ্য ফেলে রাস্তাঘাট,খাল,নদীর পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এরই ধারাবাহিকতায় আজ দুইজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, সর্বসাধারণের অবগতির জন্যে ইতিমধ্যে আমরা সাইনবোর্ড লাগানো ও মাইকিংসহ স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরিহিতগণকে এ বিষয়ে সচেতনাতে সৃষ্টির লক্ষ্যে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ