জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান সিএজির

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

নিজস্ব প্রতিবেদক
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম-এর সমাপনী দিনে (১৯ মে, মঙ্গলবার) বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

১১–১৯ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত এই বিশেষ সেবা সপ্তাহে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় এবং অডিট অধিদপ্তরসমূহে সর্বমোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মোঃ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহে পরিচালিত কার্যক্রমের মধ্যে ছিল Audit Management and Monitoring System (AMMS-2)-এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণক-সহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির Reconciliation এবং NOC প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম।

এ সময় সিএজি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা (Economy), দক্ষতা (Efficiency) ও কার্যকারিতা (Effectiveness) নিশ্চিত করার পাশাপাশি Value For Money এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপরও বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে যথাযথভাবে অডিট কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট মহাপরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সিএজি।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরসমূহের কর্মকর্তাগণ বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম ও সেবার বিষয়ে প্রাপ্ত ফিডব্যাক সম্পর্কে সিএজিকে অবহিত করেন।

উল্লেখ্য, বিশেষ সেবা কার্যক্রমের আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিস, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ