যশোরের সাগর হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দিনমজুর সাগর (৩৩) হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন VARD-BANGLADESH (ভার্ড-বাংলাদেশ)। গতকাল বুধবার সকালে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, ঘটনার পর মামলা না করার জন্য তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং চিকিৎসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিনিয়ে নেওয়া হয়। বক্তারা বলেন, ঘটনার প্রায় ১৬ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর মামলা বা বিচারিক অগ্রগতি দৃশ্যমান হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
মানববন্ধনে আরও বলা হয়, সাগর হত্যাকান্ডকে কেন্দ্র করে যশোরের শার্শা- বেনাপোল সীমান্ত এলাকায় সোনা চোরাচালান, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাকারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর নাম উঠে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি করেন বক্তারা।
সংস্থার নির্বাহী চেয়ারম্যান এম.এস.এ রেজা বলেন, একজন অসহায় দিনমজুরকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠার পরও ১৬ মাসে মামলা না হওয়া ন্যায়বিচার নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। আমরা রাজনৈতিক প্রতিহিংসা নয়, নিরপেক্ষ তদন্ত ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই। তিনি আরও বলেন, নিহতের পরিবার এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিচার চাইতে গিয়ে হুমকির মুখোমুখি হচ্ছে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহŸান জানান তিনি। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাহাবুব আলম আব্বাসী বলেন, “সাগর হত্যাকান্ডের মতো নৃশংস ঘটনার বিচারিক অগ্রগতি না হওয়া অত্যন্ত হতাশাজনক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু বিচার জরুরি। মহাসচিব শহিদুল ইসলাম বলেন, একজন দরিদ্র শ্রমজীবী মানুষের পরিবার বিচার না পাওয়া রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এবং ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল। তবে ১০ দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদনের কোনো অগ্রগতি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে অবিলম্বে সাগর হত্যাকান্ডের মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত এলাকায় অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়। এছাড়া VARD-BANGLADESH-এর পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আশিক মন্ডল, যুগ্ম সম্পাদক মো. সোহাগ হাসান ও মো. রিয়াজ (আপন), কার্যকরী সদস্য মো. আকাশ মাদবর এবং সদস্য হাফিজ উদ্দিন অনিম।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ