কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের পর বাসটি উল্টে খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতরা হলেন- নাবিল বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা নাবিল (২৫) এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা রুশিয়া (১৭)। অন্য দুইজনের পরিচয় জানা যায় নি।
পুলিশ জানায়, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের সহায়তায় ১৫ জনকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাবিল ও অজ্ঞাত পরিচয় আরেকজন মারা যান। এছাড়া কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে রুশিয়া ও সাত বছরের অজ্ঞাত এক শিশু মারা যায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা গেছেন।
কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে আরএমও ডাক্তার ইকবাল হানান জানান, হাসপাতালে ভর্তি আহদের মধ্যে রুশিয়া ও অজ্ঞাত সাত বছরের শিশু মারা গেছেন। তবে আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খোকসা থানার ওসি মোল্লা জকির হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস- ট্রাক জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।