ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি ওয়েবসাইটের সম্পাদকমণ্ডলী ও লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বায়েজীদ শেখ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন টুঙ্গিপাড়া থানার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি মামলাটি গ্রহণ করেন। ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ৫০০ ও ৩৪ ধারায় দায়ের করা মামলাটির নম্বর সি.আর.-৯৮/২০২৫। মামলার অভিযোগে বলা হয়েছে, ‘এথিস্ট নোট’ দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও কটূক্তিমূলক লেখা প্রকাশ করে আসছে। এসব লেখার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মামলায় এই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কমল চন্দ্র দাস, নুসরাত সুজানা নওরিন, আজমাইন শাহরিয়ার অর্ণব এবং লিপটন কুমার দেব দাসকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন মো: আল আমিন কায়সার, ফাহিন আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মো. জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, মো: আবির হোসাইন, মনিরা পারভীন, মো: ফাহাদ হোসাইন, মো: মিজানুর রাহমান, মো: আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মো: রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো: মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মো. মারজানুল ইসলাম, প্রীতম পাল, বিপেন রাজবংশী, মোহাম্মদ ফয়েজ হোসেন, হৃদয় কৃষ্ণ যাদব, আব্দুল ওয়াহিদ কিরণ, মোহাম্মদ রুবেল, ওমর ফারুকসহ অনেকে। শুনানি শেষে বিচারক তার পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

আদালত টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মামলাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। তিনি আরও বলেন, “সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” মামলার বিষয়ে জানতে ‘এথিস্ট নোট’-এর কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।আদালত সূত্র জানায়, মামলাটির দ্বিতীয় শুনানি আগামী ২৪ মার্চ ২০২৫।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ