শাহিন চৌধুরী(কেরাণীগঞ্জ):
প্রশাসনের কঠোর নিরাপত্তায় ঢাকা-৩ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। শুক্রবার ১০ অক্টোবর কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে ঢাকা-৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেজাউল কবির পলের গণ সংযোগের আয়োজন শুরু হয়। কেরানীগঞ্জের প্রতিটি থানা, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ক্রমশ বন্দ ডাকপাড়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন।
স্থানীয় নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, রেজাউল কবির পলের পক্ষে কেরানীগঞ্জ-৩ এর সকল বিএনপির নেতাকর্মীরা এক জোট হয়েছেন। তাই তারা শুক্রবার পলের পক্ষে বিশাল সমাবেশ করেন। কিন্তু সেই সমাবেশে সহিংসতা করার পায়তারা করছিলো নিপুণ রায়ের লোকজন। এর আগেও পলের উপর আক্রমণ হয়েছিলো বেশ কয়েকবার। তাই স্থানীয় নেতৃবৃন্দ আগেই প্রশাসনকে কড়া নিরাপত্তার বিষয়টি অবহিত করেন। কেরানীগঞ্জ প্রশাসন বিষয় আমলে নিয়ে র্যাব সহ অন্যান্য সকল প্রশাসনিক পর্যায়ের কঠোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে রেজাউল কবির পলের গণ-সংযোগ শুরু হয়। ফলে মুহুর্তেই কদমতলী এলাকায় জনসভা জনসমুদ্রে রূপান্তর হয়।
এসময় পথসভায় জুলাই বিপ্লব এবং বিগত সময়ে বিএনপির যেসব নেতাকর্মীরা মারা গেছেন তাদের জন্য দোয়া মোনাজাত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যতে রেজাউল কবির পল বলেন, তিনি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপোষহীন রাজনীতিতে বিশ্বাস করেন। তাই তিনি বিএনপি নেতা-কর্মীদেরকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করার আহবান জানান। এই সময় কেরানীগঞ্জ-৩ আসনের বিভিন্ন সিনিয়র নেতারা এবং ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একযোগে ঐক্য বদ্ধ ভাবে তারা রেজাউল কবির পলের পক্ষে সহমত প্রকাশ করেন। প্রশাসনের সহযোগিতার কারণে এই জনসমাবেশ সফলভাবে করতে পেরেছেন বলে পল কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে কেরানীগঞ্জ-৩ আসনের স্থানীয় নেতা ও জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমকে তিনি স্বাগত জানান এবং সবার সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। #