মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বামনা সরকারি কলেজের সামজকর্ম বিভাগের প্রভাষক শাহানারা বেগম অপু । আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকার আদ্ব-দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিন রূপধন গ্রামের বাসিন্ধা আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদের মেয়ে। তার স্বামী নিজাম উদ্দিন পাথরঘাটা হাজী জালাল উদ্দিন সরকারি মহিলা কলেজের প্রভাষক। তাদের একমাত্র ছেলে ঢাকায় লেখাপড়া করছেন।
অপরদিকে বরগুনায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৪০১ জন। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৩৪, বেতাগী ১, বামনা ৩, তালতলী ৪ ও পাথরঘাটায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৯ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৩, আমতলী ৩, বেতাগী ৩, বামনা ১৬, পাথরঘাটা ১৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ২৬৮, তালতলী ১৫৩, বামনা ২৭১, বেতাগী ১২২, আমতলী ৮২ এবং পাথরঘাটা উপজেলায় ৫০৫ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। #