তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তানভীর খানঃ

রাজধানীর তুরাগ থানায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শহীদুল ইসলাম (৩৪) ও স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)। র‌্যাব জানায়, ঢাকা জেলার ধামরাই থানার স্ট্যান্ড ওভারব্রিজ এলাকা থেকে শহীদুলকে এবং তুরাগের দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে থেকে স্বপনকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরদিন তুরাগ এলাকার একটি লেক থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা গিয়ে সাইফুলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় তার স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনাটি ক্লুলেস হওয়ায় তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তের একপর্যায়ে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শহীদুল ও স্বপনসহ সাতজনের একটি চক্র পরিকল্পিতভাবে সাইফুলকে যাত্রী সেজে তুরাগের কামারপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে অচেতন করে অটোরিক্সাসহ অপহরণ করে। পরে তাকে তুরাগের ১৬ নম্বর সেক্টরের একটি লেকে ফেলে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে বিক্রি করে টাকা ভাগাভাগি করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের মধ্যে বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ