জেলা প্রতিনিধি(বরগুনা):
বরগুনা আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণ ও ঘাতক বাস চালকের শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়,আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল ইসলাম গতকাল ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ী যাওয়ার পথে বেপরোয়া গতিতে আসা ছন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন। এঘটনায় আজ বুধবার আমতলী – কুয়াকাটা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।
এ সময় বক্তারা, দ্রুত সময়ের মধ্যে ঘাতক বাসটির মালিক ও চালককে শাস্তি প্রদান ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান।
দ্রুত এই দাবী মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। প্রায় ২ ঘন্টাব্যাপী বিক্ষোভ পালন করার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফলে আশেপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক যানজট।