মোঃ আসাদুজ্জামান :
বরগুনা শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বাড়িতে বসবাসরত অন্তত আটটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টা থেকে রাত ৯টার মধ্যে সংঘটিত এ অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদের সাহেবের বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের আরও তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সব মালামাল পুড়ে যায়। বরগুনার ফায়ার সার্ভিস জানান ,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ