বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন, নারী খামারিদের অবদানের স্বীকৃতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ, ১০ জুন : ‘দুধ উৎপাদন করি, দুধ পান করি, সুস্থ-সবল জাতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অনুষদভুক্ত ডেইরি সায়েন্স বিভাগের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বর ও স্থানীয় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দুধ পান করানো হয়। পরে এনিমেল হাজবেন্ড্রি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে গিয়ে শেষ হয়।
পরে সম্মেলন ভবনের সভাকক্ষে ‘সেলিব্রেটিং দ্য কনট্রিবিউশন অব ওমেন ফার্মার্স ইন ডেইরিং’ প্রতিপাদ্যে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রেবেকা শারমিন।
ডেইরি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম।
আলোচনা সভায় বক্তারা টেকসই ডেইরি খামার গঠন এবং জাতীয় পুষ্টি চাহিদা পূরণে নারী খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের বিষয়টি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, “আন্তর্জাতিকভাবে উদযাপিত এ দিবসের এবারের মূল প্রতিপাদ্য নারী খামারিদের অবদানকে স্বীকৃতি দেওয়া। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী; তাদের অবদান ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারী খামারিদের সম্মানিত করতে পারা ডেইরি সায়েন্স বিভাগ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।”
তিনি দেশের ডেইরি খাতের উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বিকেলে শিক্ষার্থীদের কর্মজীবন পরিকল্পনায় সহায়তা দিতে একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং ডেইরি শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ