যানজট নিরসনে কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাস্তার দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জনস্বার্থে যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উখিয়া জনাব রিফাত আসমার নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভ‚মি) জনাব শারমিন সুলতানা।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ প্রশাসনকে সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ অভিযানের পর যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অসাধু ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণেই এলাকায় যানজট ক্রমেই বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানে হাইওয়ে পুলিশ, বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ