আর্ন্তজাতিক ডেস্ক:
চীন সফরে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এ ভোজে অংশ নেন মোট ২৬ জন রাষ্ট্রনেতা।
সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর প‚র্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন তারা। এরপর শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন অতিথিরা। খবর বিবিসির।
হংকংভিত্তিক রাষ্ট্রীয় পত্রিকা ওয়েন ওয়েই পো এ ভোজের মেনুর ছবি প্রকাশ করেছে। জানা যায়, শুরুতে পরিবেশন করা হয় মুরগির মাংসের স্যুপ। প্রধান খাবারের তালিকায় ছিল রোস্ট করা ভেড়ার মাংসের চপ, ভাজা কাঁকড়া ও লবস্টার। এছাড়া পরিবেশিত হয় ঝিনুকের স্বচ্ছ স্যুপ এবং মাশরুমসহ লবণ দিয়ে ম্যারিনেট করা ভাজা স্যামন মাছ।
খাবারের সঙ্গে পরিবেশন করা হয় দুটি ধরনের ওয়াইন— লাল রঙের সায়রাহ এবং সাদা রঙের রিয়েসলিং। এগুলো উৎপাদন করেছে চীনের হেবেই প্রদেশের ওয়াইন কোম্পানি গ্রেট ওয়াল। মিষ্টান্নে ছিল পাই কেক এবং ম্যাঙ্গো মুজ কেক।
মধ্যাহ্নভোজে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়। তিনি বলেন, ‘বিশ্বকে কখনো জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া যাবে না, যেখানে শক্তিশালী দুর্বলদের শিকার করে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সব দেশ ইতিহাস থেকে শিক্ষা নেবে, শান্তিকে ম‚ল্য দেবে এবং মানবতার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।’
চীনের স্টেট কাউন্সিল জানায়, কুচকাওয়াজে যোগ দিতে আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের মধ্যে ছিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
প্রসঙ্গত, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতারা এবারই প্রথম একই আয়োজনে একসঙ্গে হলেন।