আক্তারুল ইসলাম :
সাতক্ষীরা সদরের কুলপোতা এলাকার বীথিকা রানী ঘোষ(৪৬) নামের এক নারীকে মাথায় ও কপালে ইট দিয়ে থেতলে মধ্যযুগীও কায়দায় হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বীথিকা রানী ঘোষ লাবসা ইউনিয়নের মাগুরা, কুলুপাঢ়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। রবিবার সন্ধ্যা ৭টার দিকে লাবসা ইউনিয়নের কুলপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর, সুশান্ত কুমার বলেন, বীথিকা রানী ঘোষের একটি মুদি দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণ ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহটি পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার হাতে স্বর্ণের রুলি, গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ