চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নতুন করে যুক্ত হল ১৭৬৮

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক (চট্রগ্রাম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাকসু ভবনেই এই বিতরণ শুরু হয়। আগামী মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা এ মনোনয়নপত্র নিতে পারবেন। বুধবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এদিকে চাকসু নির্বাচনের চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। এ হিসাবে বর্তমানে চাকসুতে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। তবে এর মধ্যে ছাত্র কত, ছাত্রী কত, তা জানাতে পারেনি কমিশন। তবে আগামীকাল অথবা পরশুর মধ্যে এ তালিকা জানানো হবে বলে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরও নির্বাচনের প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব প্রার্থীকে ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল জমা দিতে হবে। নির্দিষ্ট ফি দিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে এ পরীক্ষা করাতে হবে। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা নিতে আসতে পারবেন না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আশরাফুল হক সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিতে ৩০০ টাকা ফি দিতে হবে। আর হল সংসদের মনোনয়নপত্র নিতে ২০০ টাকা দিতে হবে। মনোনয়নপত্র নেওয়ার সময় অনলাইনে চ‚ড়ান্ত ভোটার তালিকার প্রমাণ আর শিক্ষার্থীর ভোটার আইডি নম্বর দিতে হবে। এরপর পরিচয়পত্র দেখিয়ে মনোনয়ন নিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে তার পরিচয়পত্র, ছবি এবং ডোপ টেস্টের ফলাফল নিয়ে আসতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য মনোনয়নপত্রেও দেওয়া থাকবে।
এর আগে, ২৮ আগস্ট প্রায় তিন যুগ পর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণার দুই দিন পরে গত ৩০ ও ৩১ সেপ্টেম্বর স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর চাকসুর আমেজে ভাটা দেখা দেয়। তবে মনোনয়নপত্র ঘিরে আবার শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ ফিরে এসেছে। তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।
গঠনতন্ত্র সংশোধন:
চার সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে চাকসু গঠনতন্ত্রে নতুন করে যুক্ত হয়েছে ৪ টি পদ। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের পদসম‚হ হল- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
একইভাবে হল সংসদেও আনা হয়েছে সংশোধন। সংশোধিত পদগুলো হল- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

উল্লেখ্য, ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম কেবিনেট অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭১, ১৯৭৩, ১৯৮০, ১৯৯০ সাল মিলে প্রতিষ্ঠা লগ্ন থেকে মাত্র পাঁচ বার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩৫ বছর ধরে তা স্থগিত ছিল।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ