সোহেল আহাদ(ব্রাহ্মণবাড়িয়া):
জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণে সরকারি গেজেটে ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনের সীমানা বণ্টনে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আশুগঞ্জ ২ আসনে যুক্ত করার প্রতিবাদে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিজয়নগর উপজেলার জনগণ।
এ দুটি ইউনিয়নকে বিজয়নগর আসনে পুনর্বহাল রাখার দাবিতে রবিবার(৭ই সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ।এতেকরে সকাল থেকেই ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির সীমা ছাড়িয়ে যায়। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আসনে যুক্ত করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না। জনগণ যেটি চায় সেটিই হতে হবে। বিজয়নগরের সঙ্গে এই দুটি ইউনিয়ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে ওৎপ্রোতভাবে যুক্ত রয়েছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই গেজেট বাতিল করে পুনরায় বিজয়নগরে দুটি ইউনিয়নকে যুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লাগাতার অবরোধ চলবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও অবরোধের ডাক দেয়া হতে পারে।খাটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা এক যোগে কাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অনাকাঙ্খিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।